ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের সোনার ডাবল ধামাকা, দুই ফাইনালে লাল-সবুজের আর্চাররা!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২৬ অক্টোবর ২০২৬

এশিয়া কাপে বাংলাদেশের সোনার ডাবল ধামাকা, দুই ফাইনালে লাল-সবুজের আর্চাররা!
ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড—দুই ইভেন্টের ফাইনালে উঠে জোড়া সোনা জয়ের সম্ভাবনা জাগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

সোমবার (২৬ অক্টোবর) পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। শুরু থেকেই দাপট দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি তাঁরা।

একই দিনে নারী কম্পাউন্ড দলও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তারের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে পরাজিত করে ফাইনালে ওঠে।

দুটি ফাইনালেই বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর-আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে পদকের জন্য লড়বেন বন্যা, শ্রীপর্ণা ও কুলসুম। দুই বিভাগেই কাজাখস্তানের দল স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও আশাব্যঞ্জক পারফরম্যান্স করছেন বাংলাদেশের নারী আর্চাররা। আগামীকাল কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে অংশ নেবেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও শ্রীপর্ণা বিশ্বাস।

এশিয়া কাপের এই আসরে দুই ফাইনালে বাংলাদেশের উপস্থিতি দেশের আর্চারির জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। এখন সবার নজর ২৮ ও ২৯ অক্টোবরের লড়াইয়ে—যেখানে জয়ের মধ্য দিয়ে জোড়া সোনা ঘরে তোলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত