ঢাবি থেকে ভিসি, হাতে লাল কার্ড—‘না’ বলে রাজপথে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় নিয়োগের প্রতিবাদে হাতে লাল কার্ড প্রদর্শন করেন তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে লাল কার্ড দেখা যায় এবং তারা ‘ঢাবি সিন্ডিকেট, ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তারা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামো থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আবার সেই বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য চান না। নতুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাতন্ত্র্য ও শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।
সাইন্সল্যাব মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবার ঢাকা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
এফএইচ/বিএ/পিআর