বিচ্ছেদের ঘোষণার পর শেহতাজের নতুন ছবি, ৭ ঘণ্টায় ৪১ হাজার প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৮ অক্টোবর ২০২৬
প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর অনেকটাই নীরব ছিলেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও কৌতূহলের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। প্রকৃতির সান্নিধ্যে কাটানো মুহূর্তের সেই ছবিগুলো ঘিরে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেহতাজ। ছবিগুলোতে খোলা প্রান্তর ও প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায় তাঁকে। পোস্টের সঙ্গে আবহসংগীত হিসেবে ব্যবহার করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।
তবে নতুন ছবির সঙ্গে ব্যক্তিগত জীবন কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি শেহতাজ। তাঁর এই নীরবতাই অনুসারীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই পোস্টটিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং শেহতাজ। তবে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে দুজন বলেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই তাঁদের জন্য ভালো হবে। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকার কথাও জানান তাঁরা।
বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে প্রীতম জানিয়েছিলেন, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। তখন তাঁরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেও জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে।
বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আসার পর এবার শেহতাজের নতুন ছবিই হয়ে উঠেছে আলোচনার বিষয়। প্রকাশের সাত ঘণ্টার মধ্যে তাঁর পোস্টে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়েছে বলে জানা গেছে। তবে ছবি প্রকাশের বিষয়ে নিজের অনুভূতি বা ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে আলাদা করে কিছু বলেননি এই অভিনেত্রী।
এফএইচ/বিএ/পিআর