ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম আটক

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশিত: ০৯:৩৭, ২ অক্টোবর ২০২৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। পরে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক রুবেল মিয়া নান্দাইল উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর রুবেল মিয়া আশ্রমে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানে আশ্রিত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

ওই নারীর চিৎকার শুনে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে এসে রুবেল মিয়াকে আটক করেন। তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে সদস্যরা গিয়ে তাকে থানায় নিয়ে যান।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তার দাবি, বৃদ্ধাশ্রমে থাকা অসহায় নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তিনি আশ্রমে যাননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত