ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ খেলাধুলা / ফুটবল

শৃঙ্খলাভঙ্গে কাউকে ছাড় নয়, সাফের আগে ‘জিরো টলারেন্স’ বাফুফের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২৫ অক্টোবর ২০২৬

শৃঙ্খলাভঙ্গে কাউকে ছাড় নয়, সাফের আগে ‘জিরো টলারেন্স’ বাফুফের

জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর ঘিরে শৃঙ্খলাভঙ্গ ও চেইন অব কমান্ড ভাঙার অভিযোগে তোলপাড় দেশের ফুটবল অঙ্গন। সেই বিতর্ক পেছনে ফেলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে জাতীয় দলে শৃঙ্খলার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে দলীয় ব্যবস্থাপনা।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের আবাসিক ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঠোর অবস্থানের কথা জানান জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

ইন্দোনেশিয়া সফরে ম্যানেজার, টিম লিডার ও ইভ্যালুয়েটরসহ দায়িত্বশীল কর্মকর্তারা দলের সঙ্গে থাকার পরও কীভাবে শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটল, এমন প্রশ্নে বাবু জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

বাবু বলেন, ম্যানেজার, কো-অর্ডিনেটর ও কোচের প্রতিবেদন সভাপতির কাছে রয়েছে। সেগুলো পর্যালোচনার পর প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে জাতীয় দলের ম্যানেজার বলেন, কোচিং স্টাফ, চিকিৎসক, ফিজিও ও হোটেলকর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলের যে কেউ শৃঙ্খলাভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—পরিচয় বা অবস্থান বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার পাশাপাশি শুরু হয়েছে সাফের প্রস্তুতিও। প্রধান কোচ থমাস ডুলির ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন ২১ জন দেশি ও সাতজন প্রবাসী ফুটবলার। ক্যাম্পের প্রথম দিনেই দেশি খেলোয়াড়দের প্রায় সবাই রিপোর্ট করেছেন।

তবে দলের গুরুত্বপূর্ণ দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলীর যোগ দিতে দেরি হতে পারে। ম্যানেজার বাবু জানান, তাঁরা সম্ভবত ৮ বা ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। ফলে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে সাফের প্রথম ম্যাচে তাঁদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ১১ নভেম্বরের ম্যাচের আগে পুরো দলকে একসঙ্গে পাওয়ার আশা করছেন তিনি।

ক্যাম্প শুরুর বিষয়ে ক্লাবগুলোকে দেরিতে চিঠি দেওয়ার অভিযোগও নাকচ করেছেন বাবু। তাঁর ভাষ্য, নিয়ম মেনেই আগের দিন ক্লাবগুলোর শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, বাফুফের প্রাতিষ্ঠানিক তহবিলের অর্থায়ন সাধারণত মাসের প্রথম দিন থেকে শুরু হলেও আগেভাগে ক্যাম্প শুরু হওয়ায় ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত খেলোয়াড়দের পাঁচতারকা হোটেলে থাকার সম্পূর্ণ ব্যয়ভার সভাপতি তাবিথ আউয়াল ব্যক্তিগত উদ্যোগে বহন করছেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার।

আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির অধীনে সাত সদস্যের বিদেশি কোচিং প্যানেলের তত্ত্বাবধানে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইন্দোনেশিয়া সফরের বিতর্ক কাটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়াই এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - ফুটবল

আপনার জন্য নির্বাচিত