‘অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়’—সরকারকে আনিসুল ইসলাম মাহমুদের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬, ৬ অক্টোবর ২০২৬
আইনের শাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন নিশ্চিত করা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ তৈরি করা প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের মানুষ বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনে চাপ বাড়াচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারের দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয়কে বিচারের ক্ষেত্রে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। যে দলেরই হোক, অপরাধীর বিরুদ্ধে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার হলে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাহত হবে।
সভায় জাতীয় পার্টির নেতারা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, মানুষ শুধু রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না; তারা নিরাপদে চলাফেরা, স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশও চায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনাসহ দলটির প্রেসিডিয়াম সদস্য ও অন্যান্য নেতারা।
সভায় নেতারা বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
এফএইচ/বিএ/পিআর