ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ বাংলাদেশ / রাজনীতি

কঠিন সময়ে পাশে ছিলেন কবি স্টালিন, স্মৃতিচারণে রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ২৫ অক্টোবর ২০২৬

কঠিন সময়ে পাশে ছিলেন কবি স্টালিন, স্মৃতিচারণে রিজভী
সমালোচনা সহ্য করার মানসিকতা ও সহনশীলতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একজন রাজনীতিবিদকে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং অনেক সমালোচনা সহ্য করতে হয়। যার মধ্যে সহনশীলতা ও ধৈর্য নেই, তিনি ভালো রাজনীতিবিদ হতে পারেন না।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সাহিত্য সাময়িকী ‘সারেঙ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘আমার নামে সাড়ে তিনশ মামলা দেওয়া হয়েছিল’

বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, সে সময় অনেক বন্ধু ও পরিচিতজন তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সাহস পেতেন না। তাঁদের আশঙ্কা ছিল, আমন্ত্রণ জানালে কোনো ঝামেলায় পড়তে হতে পারে।

রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর নামে প্রায় সাড়ে তিনশ মামলা ছিল। এ কারণে অনেক ঘনিষ্ঠ মানুষ তাঁদের ছেলে-মেয়ের বিয়ের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানাতেন না।

তিনি বলেন, কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতির কারণে অন্যরা সমস্যায় পড়তে পারেন—এমন উদ্বেগের মধ্য দিয়ে তাঁদের সময় কাটাতে হয়েছে।

কঠিন সময়েও পাশে ছিলেন রেজাউদ্দিন স্টালিন

রিজভী বলেন, ওই কঠিন সময়েও কবি রেজাউদ্দিন স্টালিন তাঁদের সঙ্গে আড্ডা দিতেন এবং সময় কাটাতেন। এ প্রসঙ্গে তিনি কবির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন।

কবি রেজাউদ্দিন স্টালিনের সাহিত্যকর্মের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, তিনি নিঃসন্দেহে একজন আধুনিক কবি। তাঁর লেখনী ও শব্দচয়ন অসাধারণ। আধুনিক কবি বলেই তিনি সমসাময়িক সমস্যা ও সংকটগুলো চমৎকারভাবে তুলে ধরতে পেরেছেন।

প্রকাশনা উৎসবে বিশিষ্টজনেরা

‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি রেজাউদ্দিন স্টালিন, সারেঙ-এর সম্পাদক আবদুর রহমান মল্লিকসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত