ক্যাম্পাসে ক্যাম্পাসে গানের যুদ্ধ, ভোটে জিতলেই কনসার্ট নিয়ে হাজির কোক স্টুডিও!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ২৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার গানের লড়াই, ভোটের উত্তেজনা আর লাইভ কনসার্টের উন্মাদনা! জনপ্রিয় ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে এসেছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। ভোটযুদ্ধে সেরা তিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বসবে বিশেষ কনসার্টের আসর। শুধু তাই নয়, প্রতিভার জোরে শিক্ষার্থীরাও উঠে আসতে পারবেন সেই মঞ্চে—গাইতে পারবেন হাজারো দর্শকের সামনে।
‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক এ আয়োজন শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে এ প্রতিযোগিতা।
২৬ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভোটে এগিয়ে থাকলেই ক্যাম্পাসে কনসার্ট
প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভোট দিতে হবে। এ জন্য নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। কার্ডে থাকা ইউনিক কোড ক্যাম্পেইনের মাইক্রোসাইটে ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দেওয়া যাবে।
কোন বিশ্ববিদ্যালয় কত ভোট পাচ্ছে, তা জানা যাবে লাইভ লিডারবোর্ডে। প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
গান গেয়ে মঞ্চে ওঠার সুযোগ
শুধু ভোটের লড়াই নয়, শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও থাকছে এ আয়োজনে। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগের মাধ্যমে নিজেদের পছন্দের কোক স্টুডিও বাংলার গান গেয়ে পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন শিক্ষার্থীরা।
এ জন্য ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং কিয়স্কে গিয়ে গানের কভার পরিবেশনা রেকর্ড করতে হবে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর পারফরম্যান্স ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনগেজমেন্ট বিবেচনায় বিজয়ী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থী ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন।
তরুণদের আরও কাছে যেতে চায় কোক স্টুডিও
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, সংগীতের মাধ্যমে মানুষকে একত্র করা এবং নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসাই কোক স্টুডিও বাংলার অন্যতম লক্ষ্য। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’-এর মাধ্যমে সেই অভিজ্ঞতা তরুণদের আরও কাছে পৌঁছে দিতে চান তাঁরা।
ইউটিউবে কোটি কোটি শ্রোতার প্ল্যাটফর্ম
২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। অল্প সময়ের মধ্যেই বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি। বিভিন্ন ঘরানার সংগীত, নতুন সংগীতায়োজন ও ফিউশনধর্মী পরিবেশনার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছে এটি।
প্রতিবেদন অনুযায়ী, কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। প্ল্যাটফর্মটির গানগুলোর মোট ভিউও পেরিয়েছে ৭৫ কোটি। এবার সেই জনপ্রিয়তাকে ক্যাম্পাসে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন সংগীত-উন্মাদনা তৈরির লক্ষ্য নিয়েছে আয়োজকেরা।
এফএইচ/বিএ/পিআর