ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

প্রধানমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ, ‘সেরা পরামর্শ’ বললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৯, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ, ‘সেরা পরামর্শ’ বললেন ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশকে নিজের জীবনের ‘সেরা পরামর্শ’ বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান বিএনপির এই নেতা।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তা মেনে নিয়েছিলেন। শুরুতে বিষয়টিকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই তাঁর বিরুদ্ধে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরেছিলেন বলে দাবি করেন তিনি।

ইশরাকের ভাষ্য, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার পরিকল্পনা করেছিল। এর মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জনসমালোচনার মুখে ফেলা এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাঁকে একঘরে করার চেষ্টা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি আস্থার কথা তুলে ধরে ইশরাক লেখেন, তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাঁর কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখেন। অতীতেও তিনি এর প্রমাণ পেয়েছেন বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য।

নিজের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে যাচ্ছিলেন। সেই কাজের সূত্র ধরে তৈরি হওয়া একটি চক্রান্ত থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছেন বলে মনে করেন তিনি।

পোস্টের শেষাংশে নিজ দলের ভেতরে থাকা সম্ভাব্য ষড়যন্ত্রকারীদেরও সতর্ক করেন ইশরাক। তাঁর বক্তব্য, দলের কেউ সুযোগসন্ধানী হয়ে আঁতাত করলে এবং তা প্রমাণিত হলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ইশরাক হোসেনের এই বক্তব্য এমন সময়ে এল, যখন তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি রাজনৈতিক আলোচনায় রয়েছে। তবে পোস্টে উল্লিখিত ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত