ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

গাড়িচাপায় প্রাণে বাঁচলেন অস্ট্রেলীয় এমপি, বাঁচাতে কেটে ফেলতে হলো দুই পা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২১ অক্টোবর ২০২৬

গাড়িচাপায় প্রাণে বাঁচলেন অস্ট্রেলীয় এমপি, বাঁচাতে কেটে ফেলতে হলো দুই পা
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই কেটে ফেলতে হয়েছে। গত ১৯ অক্টোবর দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। হামলাটি পরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) হেলেনের স্বামী ফিল হেইনস সাংবাদিকদের জানান, ভয়াবহ এ ঘটনার পরও তাঁর স্ত্রীর মানসিক অবস্থা ও মনোবল ভালো রয়েছে। তিনি বলেন, এত কিছুর পরও সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, হেলেন বেঁচে আছেন।

ফিল জানান, হেলেনের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া দীর্ঘ ও কঠিন হবে। তবে তিনি লড়াকু মানসিকতার মানুষ। পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন তাঁর স্বামী। একই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দেশ-বিদেশ থেকে সহমর্মিতা জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিযুক্ত গ্রেপ্তার, হত্যাচেষ্টার অভিযোগ

এ ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডান নুজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রথমবারের মতো তাঁকে স্থানীয় আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আদালতে নুজেন্ট কোনো কথা বলেননি এবং জামিনের আবেদনও করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির করা হবে। আদালতের নথি অনুযায়ী, গাঁজা চাষ ও রাখার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

অভিযুক্তের আইনজীবী আদালতে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এ ছাড়া তাঁর বিরল স্নায়বিক রোগ ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মাইলাইটিসের বিষয়টিও আদালতে উঠে আসে। এ রোগে মেরুদণ্ডে প্রদাহ সৃষ্টি হয়।

হামলার উদ্দেশ্য নিয়ে তদন্ত

ভিক্টোরিয়া পুলিশ অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহযোগিতায় ঘটনাটির তদন্ত করছে। তবে এখনো হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।

ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিত ছিল কি না এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। অভিযুক্ত মাদক গ্রহণ করেছিলেন কি না, কোনো ওষুধের প্রভাব ছিল কি না এবং হেলেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার আগে নুজেন্ট পুলিশের নজরদারিতে ছিলেন না। হেলেনের বিরুদ্ধে কোনো হুমকির তথ্যও পুলিশের কাছে ছিল না।

গত সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে নির্বাচনী কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা হেলেনকে একটি টয়োটা ল্যান্ডক্রুজার দিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে নুজেন্টের বিরুদ্ধে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। তাঁদের মধ্যে জ্যাকব ও জ্যাকি ইভান্স ছিলেন। জ্যাকব নিজের গাড়িতে থাকা চিকিৎসাসামগ্রী ব্যবহার করে হেলেনের একটি পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন।

রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০১৯ সালে প্রথমবার নির্বাচিত হওয়া হেলেন হেইনস ভিক্টোরিয়া রাজ্যের ইন্ডি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তাঁর ওপর হামলার ঘটনায় ওয়ানগারাট্টাসহ অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও শোক ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ঘটনার পর তিনি হেলেনের স্বামীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। নারী রাজনীতিকদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষমূলক আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনার পর দেশটির সংসদ সদস্যদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সমাজে শালীনতা, সহমর্মিতা ও মানবিক আচরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

হেলেনের ওপর হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত