ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

নিজেদের কোর্টেই বিপর্যয়, জে-৩০ টেনিসে প্রথম দিনেই বাংলাদেশের পাঁচ হার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১৪ অক্টোবর ২০২৬

নিজেদের কোর্টেই বিপর্যয়, জে-৩০ টেনিসে প্রথম দিনেই বাংলাদেশের পাঁচ হার

রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্ব। তবে নিজেদের কোর্টে প্রথম দিনেই হতাশায় ডুবেছে বাংলাদেশ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে খেলতে নামা পাঁচ বাংলাদেশি খেলোয়াড়ের কেউই জয় পাননি। বিশেষ করে বালিকা এককে একের পর এক বড় ব্যবধানে হার বাংলাদেশের জুনিয়র টেনিসের প্রস্তুতি ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বালিকা এককে বাংলাদেশের তিন খেলোয়াড়ই চীনা প্রতিপক্ষের কাছে হেরেছেন। এক নম্বর কোর্টে সারা আল জাসিম ৬-০, ৬-০ গেমে জিমো সোংয়ের কাছে পরাজিত হন। তিন নম্বর কোর্টে জান্নাতুন ফেরদৌস ৬-১, ৬-০ গেমে হেরে যান জিজিউর কাছে। একই ব্যবধানে হারেন হুমায়রা হায়দারও। পঞ্চম কোর্টে চীনের জিরু ইয়াংয়ের বিপক্ষে তাঁর হার ৬-১, ৬-০ গেমে।

তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা সব মিলিয়ে মাত্র একটি গেম জিততে পেরেছেন। প্রতিপক্ষের তুলনায় তাঁদের এই পিছিয়ে পড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি ও প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।

বালক এককে তুলনামূলক লড়াই করেও জয় অধরা থেকেছে বাংলাদেশের খেলোয়াড়দের। তিন নম্বর কোর্টে কাব্য গায়েন ভারতের শংকল্প কুমার সাহানির কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে যান। দুই সেটেই কিছুটা প্রতিরোধ গড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। অন্যদিকে মো. রাকিন রহমানের বিপক্ষে ওয়াকওভার পেয়ে পরের ধাপে এগিয়ে গেছেন ভারতের শাহবাজ সিং সাংহেরা।

প্রতিযোগিতার প্রথম দিনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে চীন ও ভারতের প্রতিযোগীরা দাপট দেখিয়েছেন। শীর্ষ বাছাই থাইল্যান্ডের ত্রিশ শ্রীসেন ৬-৪, ৬-৪ গেমে ভারতের অর্শ ওয়াকেকে হারান। ভারতের সক্ষ্ম ভংসালী ৬-০, ৬-২ গেমে চীনের রংবিন দাইকে এবং চীনের তিয়ানি ফাং ৬-১, ৬-৪ গেমে সিঙ্গাপুরের আন্দ্রে হারনাদিওয়কে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছেন। বালিকা এককে চীনের শুইয়াং জু তিন সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার আইলা হাসানকে ৬-৭(৫), ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন।

নিজেদের মাঠে এমন হতাশাজনক শুরু বাংলাদেশের জুনিয়র টেনিসের বাস্তবতা সামনে এনেছে। নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, মানসম্মত প্রশিক্ষণ, দক্ষ কোচ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা—এসব ক্ষেত্রে আরও মনোযোগের প্রয়োজনীয়তা রয়েছে।

অবশ্য প্রতিযোগিতা কেবল শুরু হয়েছে। সামনে বাংলাদেশের খেলোয়াড়েরা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে এই আয়োজন দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলার সুযোগ কতটা কাজে লাগাতে পারে, তা নিয়েও আগ্রহ থাকবে ক্রীড়াপ্রেমীদের।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত