বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে নতুন গতি, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে জোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮, ৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনা
সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সম্পর্ককে আরও বহুমাত্রিক করার প্রত্যয়
বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএইচ/বিএ/পিআর