হামজাদের লড়াইও কাজে এল না, সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের।
জাকার্তার গেলোরা বাঙ্ক কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরের সঙ্গে বেশ চাপে ছিল বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি লাল-সবুজের দল।
ম্যাচের ৩৫ মিনিটে নুর আবদুল্লাহর পাস থেকে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারিস স্টেওয়ার্ট। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য বদলে যায় বাংলাদেশের খেলার চিত্র। আক্রমণে গতি বাড়িয়ে সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন হামজারা। দ্বিতীয়ার্ধে মোট চারটি শট নেয় বাংলাদেশ, যার একটি ছিল লক্ষ্যে। তবে গোলের দেখা পায়নি দলটি।
বল দখলের দিক থেকেও বাংলাদেশ এগিয়ে ছিল। কিন্তু সেই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি হামজা-জামালরা।
ম্যাচে চারটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। তবু কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি তার শিষ্যরা।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের পর ফিফা আসিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল।
এফএইচ/বিএ/পিআর