ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

২৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১৫ অক্টোবর ২০২৬

২৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজশিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও সম্মেলনের অন্যতম লক্ষ্য।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি কলেজশিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে জানার সুযোগ পাবেন তাঁরা।

সম্মেলনে অংশ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করতে হবে। কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’ অপশনে গিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধন সম্পন্ন করার পরই সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

অনিবার্য কারণে কোনো অধ্যক্ষ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলে তাঁর পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ নিবন্ধন করে অংশ নিতে পারবেন। সম্মেলনে যোগদানের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) গ্রহণ করতে পারবেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত