ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

‘টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই’, ভিত্তিহীন খবরের নিন্দা ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ২৫ অক্টোবর ২০২৬

‘টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই’, ভিত্তিহীন খবরের নিন্দা ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব দরপত্র আহ্বান ও কার্যাদেশ সরকারি বিধি মেনে ই-জিপি (e-GP) পদ্ধতিতে সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি দাবি করেন, এ প্রক্রিয়ায় দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপসের ‘নগর বাগান’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক একটি গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে প্রশাসক বলেন, ই-জিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপসের যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঢাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রাখছে। খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরজুড়ে সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিনের পরিত্যক্ত স্থানে নান্দনিক নগর বাগান গড়ে তোলা হয়েছে।

প্রশাসক জানান, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ধারাবাহিকভাবে কাজ করছে ডিএনসিসি। গুলশান লেক সংস্কার, দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা এবং বসিলা ৪০ ফুট খালের অবহেলিত পরিবেশ বদলে সেখানে পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এ ছাড়া ৪৫ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে বসিলা খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

নগরীর ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য স্বস্তির বিষয়। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত