ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

মিরপুরে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে সেখানে যান। উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেন তারা। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে হকাররা সিটি করপোরেশনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেট এলাকা থেকে বেশ কয়েকজন আনসার সদস্যকে মিরপুর-১৩ নম্বরের দিকে দৌড়ে যেতে দেখা যায়। এ সময় ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ছিলেন।


হোপ মার্কেটের সামনে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। পরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে কয়েকশ হকার জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হকারদের দাবি, আগুনে তাদের বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হকাররা হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হঠাৎ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হোপ মার্কেট এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত