পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে ৪ লাখ টাকা, চিকিৎসাসেবায় ৪২০ হাসপাতালের সঙ্গে ডিএসসিসির চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬, ১২ অক্টোবর ২০২৬
পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এসব উদ্যোগের কথা জানিয়েছেন। সোমবার রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী দেওয়ার ক্ষেত্রে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
নগর পরিচ্ছন্ন রাখতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন মো. আবদুস সালাম। তিনি বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে।
যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে নগরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব।
নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আধুনিকায়ন হচ্ছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র
নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে উত্তর শাহজাহানপুরে ১১ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে ডিএসসিসি। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগের লক্ষ্য এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বাড়ানো।
সিটি কর্পোরেশন আশা করছে, বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল হবে।
ডিএসসিসির উদ্যোগে এরই মধ্যে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্ট। দায়িত্ব পালনের সময় এসব উপকরণ কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচ/বিএ/পিআর