ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

প্রধানমন্ত্রীর নির্দেশের পর এমপি মিষ্টির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশের পর এমপি মিষ্টির পদত্যাগ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় আলোচনায় থাকা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার দুপুরে মিষ্টির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রাড্ডা কাণ্ডে তোলপাড়

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে প্রায় ২০০ জনের একটি দল স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়।

হামলার সময় একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। লুট করা হয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল।

হামলাকারীরা চলে যাওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম আলোচনায় আসে। তাঁদের কয়েকজন মিষ্টির ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।

পুরোনো আবেদনেও মিষ্টির স্বাক্ষর

রাড্ডা সেন্টারের জমি সমমনা দোকানদার সমবায় সমিতির নামে বরাদ্দের জন্য ২০০৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ওই সময় সমিতির সভাপতি ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। আবেদনপত্রে সভাপতি হিসেবে তাঁর স্বাক্ষরও ছিল।

তবে বর্তমানে ওই সমিতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মিষ্টি। রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

এ ঘটনায় তদন্ত চলার কথা বুধবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছিলেন।

কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

রাড্ডা সেন্টারের ঘটনার পর বিএনপিতে সাংগঠনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

রাজনীতি থেকে সংসদ—এবার পদত্যাগ

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তাঁর স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। দীর্ঘদিনের এই স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এর মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত