ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

শিশু হাসপাতালে ধূমপান, প্রধানমন্ত্রীর চোখে পড়তেই সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে ধূমপান, প্রধানমন্ত্রীর চোখে পড়তেই সাময়িক বরখাস্ত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবার পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিস্থিতি এবং হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে খোঁজখবর নেন তিনি।

একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কক্ষটির অপরিচ্ছন্ন অবস্থাও তাঁর নজরে আসে। শিশুদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি।

শিশু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন থাকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত