উপাচার্যকে ভেতরে রেখে ফটকে তালা, উত্তপ্ত চুয়েট
চুয়েট সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৮, ১২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে তাঁর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে ভবনের মূল ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে ভবন ত্যাগের আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় এ পদক্ষেপ নেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তালা ভেঙে গোপনে ভবনে প্রবেশ করা অত্যন্ত ন্যক্কারজনক ও অপ্রত্যাশিত। তাঁদের দাবি, গত ২২ দিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকলেও তিনি শিক্ষার্থীদের খোঁজ নেননি কিংবা তাঁদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেননি।
শিক্ষার্থীরা আরও বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।
অন্যদিকে, উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করে দ্রুত ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক, বিভিন্ন অনুষদের চেয়ারম্যান ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার উদ্যোগ হিসেবে ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) দপ্তরের মাধ্যমে ১০ থেকে ১৫ জন প্রতিনিধিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন উপাচার্য। তাঁর মতে, আলোচনা ও সমঝোতার মাধ্যমেই চলমান সংকটের সমাধান সম্ভব।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তাঁদের এ আন্দোলন চলছে। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এফএইচ/বিএ/পিআর