টানা তিনবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বেরোবির অধ্যাপক ফেরদৌস রহমান
বেরোবি সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬, ৮ অক্টোবর ২০২৬
গবেষণায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা তৃতীয়বারের মতো স্থান পেয়েছেন তিনি।
২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের তালিকায় ধারাবাহিকভাবে জায়গা করে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক গবেষণাঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন অধ্যাপক ফেরদৌস রহমান। সর্বশেষ তালিকায় Physics & Astronomy ক্যাটাগরিতে তাঁর বৈশ্বিক র্যাঙ্ক ২৮ হাজার ২৫০ এবং Applied Physics সাবফিল্ডে অবস্থান ৫১৫তম বলে তাঁর গবেষক প্রোফাইল ও সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর হ-ইনডেক্স (H-index) ৩০ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ১১।
দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত সৌরশক্তি প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন অধ্যাপক ফেরদৌস রহমান। তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র সৌরকোষ, ফোটোভোলটাইক প্রযুক্তি ও টেকসই শক্তি নিয়ে কাজ। গবেষণা-ভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তাঁকে World's Top 2% Cited Scientist হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিজের এই অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, মহান আল্লাহর রহমতে ২০২৪–২০২৬ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। তবে এ স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও গবেষণার সঙ্গে যুক্ত শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ফল হিসেবে দেখছেন তিনি।
তিনি বলেন, তাঁর গবেষণার মূল লক্ষ্য উন্নত সৌরশক্তি প্রযুক্তির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা। কোনো স্বীকৃতিই গবেষণার শেষ নয়; বরং এটি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। ভবিষ্যতে তরুণ গবেষকদের সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চান তিনি।
অধ্যাপক ফেরদৌস রহমান আরও বলেন, এ ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের। ভবিষ্যতে গবেষণায় বেরোবির অবস্থান আরও শক্তিশালী হবে এবং তালিকায় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংখ্যা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বেরোবি থেকে অধ্যাপক ফেরদৌস রহমান ছাড়াও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম স্থান পেয়েছেন। ড. তৌফিকুল ইসলাম এ তালিকায় টানা পঞ্চমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন।
বেরোবির একাধিক শিক্ষক-শিক্ষার্থীর এ আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় উৎসাহিত করবে।
এফএইচ/বিএ/পিআর