ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের যুগান্তকারী সাফল্য, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ৫ অক্টোবর ২০২৬

আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের যুগান্তকারী সাফল্য, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আলো ব্যবহার করে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের পথ উন্মোচন করে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মান দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞানের তিন বিজয়ীর নাম ঘোষণা করে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান।

আলোতেই নিয়ন্ত্রণ স্নায়ুকোষ

অপটোজেনেটিক্স এমন একটি আধুনিক গবেষণাপদ্ধতি, যার মাধ্যমে আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা আরও গভীরভাবে বোঝার সুযোগ তৈরি হয়েছে।

স্নায়ুবিজ্ঞান গবেষণায় অপটোজেনেটিক্সের ব্যবহার বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে নির্দিষ্ট স্নায়ুকোষকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুরু হলো নোবেল মৌসুম

চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের নোবেল মৌসুম। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, ১৯০১ সাল থেকে এ পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত মোট ২৩৪ জন বিজ্ঞানী পুরস্কৃত হয়েছেন।

মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। এরপর ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম প্রকাশ করা হবে।

শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্য বিভাগগুলোর পুরস্কার ঘোষণা হবে সুইডেনের স্টকহোমে।

প্রতিবছরের মতো এবারও ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেলজয়ীরা পাবেন পদক, সনদ এবং অর্থমূল্য।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত